রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় দুই বাসের চাপায় পিষ্ট হয়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিবরণ নিহত আবুল কাশেম একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামে, তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, সন্ধ্যায় অফিস শেষে বাড্ডা লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলেন আবুল কাশেম। রাস্তা পার হওয়ার সময় ‘রাইদা’ ও ‘ভিক্টর’ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মাঝে চাপা পড়েন তিনি। সহকর্মীরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
পুলিশের বক্তব্য ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট বাড্ডা থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ ঘাতক বাস দুটি ও চালকদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
জেএইচআর