আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত দেড় মাসে সারাদেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫ জন প্রার্থীর ওপর হামলার পাশাপাশি ৫ জন নিহত হয়েছেন।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত এসব সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৮৯টি এবং নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ২৯টি। এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট অফিস ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২০টি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে ১৬টি ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণ, ৩টি অবৈধ অস্ত্রের ব্যবহার, ৯টি হুমকি ও ১৭টি অবরোধ-বিক্ষোভের ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে ১টি এবং অন্যান্য ঘটনা ঘটেছে ৭০টি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং বিগত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে হওয়া সহিংসতার পরিসংখ্যানও তুলে ধরেছে।
তথ্যমতে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাসে ৫৩৪টি সহিংসতার ঘটনা ঘটেছিল। সেসব ঘটনায় আহত হন ৪৬০ জন এবং নিহত হন ৬ জন। তখন ভাঙচুরের ঘটনা ১০২টি এবং ১১৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২২ দিনে ৪১৪টি সহিংসতার ঘটনা ঘটে। সেসব ঘটনায় ২ জন নিহত এবং ৭৮০ জন আহত হয়েছিলেন।
এ ছাড়া ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১২ দিনে ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটেছিল, যেখানে নিহত হয়েছিলেন ১১৫ জন এবং আহত হয়েছিলেন ৩১৫ জন।
ইএইচ