শাহবাগে সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৩৮ পিএম

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর সাবেক সাধারণ সম্পাদক বা জিএস সালাউদ্দিন আম্মার আহত হয়েছেন।

ইনকিলাব মঞ্চের নেতারা জানান, জুমার নামাজের পর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে নেতাকর্মীরা সমবেত হলে তারা পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং গুলি ছোড়ে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সংগঠনটির আরও বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক বার্তায় দাবি করা হয়েছে, আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমা তাসনিম জুমা ও শান্তার ওপরও পুলিশ চড়াও হয়েছে। এ সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আজ যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস ব্যবহার করে।

এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, পুলিশের সাথে সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে সেখানে বলা হয়, আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।

ইএইচ