কেন্দ্র ত্যাগ না করলে মিল্টনের সমর্থকদের গ্রেপ্তারের হুঁশিয়ারি সেনাসদস্যের

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:২১ পিএম

ঢাকা–১৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনকে কেন্দ্র ত্যাগের নির্দেশ দিয়ে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন দায়িত্বরত সেনাসদস্যরা। 

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্রে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম মিল্টন দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বরত সেনাসদস্যরা তাকে থামান। এ সময় তারা কঠোর সুরে বলেন, ‘১০ সেকেন্ডের মধ্যে দলবল নিয়ে কেন্দ্র না ছাড়লে সবকটাকে গ্রেফতার করা হবে।’ 

পরিস্থিতি সামাল দিতে প্রার্থী মিল্টন সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণ ও ভোটের পরিবেশ দেখতে তিনি কেন্দ্রে এসেছেন। পরে সেনাবাহিনীর কাছে অনুরোধ জানালে তাকে ৫ জন সদস্যসহ ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তার সঙ্গে থাকা অন্য নেতাকর্মীদের বাইরে অবস্থান করতে বলা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণ চলাকালে প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। 

এএন