সাউন্ডবক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শাহবাগ থানার বিপরীতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তারা সাউন্ডবক্সে ৭ মার্চের ভাষণ বাজাতে শুরু করেন।
এ সময় একটি রিকশায় রাখা সাউন্ডবক্স থেকে ভাষণটি বাজতে শোনা যায়। সেখানে ইমিসহ কয়েকজন বামপন্থী ছাত্রসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালে আশপাশে পুলিশের উপস্থিতি দেখা গেলেও তাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলে শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, “বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব মুছে ফেলা যাবে না। আমরা ছাত্রলীগ নেতা সৈকতকে আটকের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পালন করছি।”
এর আগে শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আসিফ আহমেদ সৈকতকে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ডবক্সসহ আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়।
তার আটকের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরপর এক শিক্ষার্থী প্রথমে ভিসি চত্বরে কর্মসূচির ঘোষণা দেন। পরে স্থান পরিবর্তন করে শাহবাগ থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এএন