রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। ছিনতাইকারীরা কেবল তার মূল্যবান সামগ্রীই কেড়ে নেয়নি, বরং ধারালো অস্ত্রের মুখে মারধর করে তার আইফোনের পাসওয়ার্ডও হাতিয়ে নিয়েছে।
গত শনিবার (০৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের শহীদ ফাইয়াজ চত্বরে এই ঘটনা ঘটে। বর্তমানে এই প্রশাসনিক কর্মকর্তা সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রোববার (০৮ মার্চ) মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন দুদকের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাবেদ হোসেন সজল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোতাহার হোসেন যখন হাঁটাহাঁটি করছিলেন, তখন অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী চাপাতি ও সামুরাই সদৃশ অস্ত্র নিয়ে তার পথরোধ করে। তারা ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়।
ঘটনার বর্ণনায় বলা হয়েছে, ছিনতাইকারীরা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানালে তারা অস্ত্রের উল্টো পিঠ দিয়ে তাকে আঘাত করে এবং বাম চোখে ঘুষি মেরে জখম করে। নিরুপায় হয়ে তিনি পাসওয়ার্ড দিতে বাধ্য হন। এরপর ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে ছিনতাই হওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। মোহাম্মদপুর থানার একটি টহল দল তাজমহল রোড এলাকায় আসামিদের ধরার চেষ্টা করলেও তারা মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন ২০২৪ সালের ১৭ মার্চ থেকে দুদকের মহাপরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
জেএইচআর