রাজধানীর মতিঝিল এলাকায় বঙ্গভবনের সামনে সড়কে মুরগিবাহী একটি ভ্যানকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) এবং শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, রাত ৪টার দিকে বঙ্গভবনের সামনে সড়কে মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুজনই মুরগি ব্যবসায়ী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এএন