টানা ছুটি শেষে নাড়ির টান ছিঁড়ে আবারও জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।
পবিত্র ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ অবকাশ কাটিয়ে শনিবার সকাল থেকেই গাবতলীসহ রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে।
সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে আসা বাসগুলো যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে। মহাসড়কে বড় ধরনের যানজট না থাকায় যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ফিরতে পারছেন। নওগাঁ থেকে আসা যাত্রী রফিকুল ইসলাম জানান, রাতে রওনা দিয়ে কোনো ভোগান্তি ছাড়াই সকালে পৌঁছাতে পেরেছেন। আগামীকাল অফিস থাকায় একদিন আগেই তাঁর এই ফেরা।
কুড়িগ্রাম থেকে আসা মশিউর রহমান জানান, টাঙ্গাইলে একটি দুর্ঘটনার কারণে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ অংশে কিছুটা ধীরগতি ছিল। তবে পরিস্থিতি সামাল দিতে সেতুর চার লেনই ঢাকামুখী যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়ায় দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়েছে।
বাসের চালক ও শ্রমিকরা বলছেন, রাস্তা ভালো থাকায় এবং বড় কোনো জট না থাকায় নির্ধারিত সময়েই গাড়িগুলো স্টেশনে পৌঁছাচ্ছে।
ঈদের ছুটির পর ঢাকা এখনো তুলনামূলক ফাঁকা। বাস শ্রমিকদের মতে, শনিবার যাত্রীদের চাপ থাকলেও তা অনিয়ন্ত্রিত নয়। আগামীকাল রোববার থেকে সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে খুলে যাচ্ছে, তাই আজ বিকেলের পর থেকে এবং কাল ভোরে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটির পর মাঝখানে দুদিন অফিস খোলা থাকলেও ২৬ মার্চের স্বাধীনতা দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির কারণে ফিরতি যাত্রায় দীর্ঘ সময় পেয়েছেন কর্মজীবী মানুষ।
জেএইচআর