মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার সকালে মিরপুর-১০ ফলপট্টি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়।
ডিএনসিসির অঞ্চল-২, ৪ ও ৫-এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IDRISP) আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক জানান, মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক এবং এর উভয় পাশে আধুনিক নর্দমা নির্মাণ করা হবে। এর ফলে ওই এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে দূর হবে।
প্রকল্পের সময়সীমা উল্লেখ করে মোঃ শফিকুল ইসলাম খান বলেন (,) আগামী ৩১ অক্টোবর ২০২৬ সালের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উন্নয়ন কাজ শেষে ফুটপাত দখলমুক্ত রাখার ওপর বিশেষ জোর দিয়ে প্রশাসক বলেন, সড়ক ও নর্দমা সংস্কারের পর সেখানে কোনো অবৈধ দখল বা দোকান বসাতে দেওয়া হবে না। ফুটপাত সচল রাখতে তিনি স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং তাদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি ও অর্থের অপচয় রোধে এবার বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের কাজ প্রতিদিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে বৃষ্টির মৌসুমে বেগম রোকেয়া সরণির জলাবদ্ধতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলমসহ সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর