ঢাকায় বসে  বিদেশী নাগরকি তৈরি  করতেন ভয়ানক মাদক কিটামিন, আটক ৩

পাপন সিকদার, ঢাকা প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:৫৬ পিএম

আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের একটি চেষ্টাকে ব্যাহত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ ঘটনায় রাজধানীর উত্তরা এলাকা থেকে  LI BIN (৫৯), YANG CHUNSHENG (৬২) এবং YU ZHE (৩৬) নামের তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।  

অভিযানে একটি অস্থায়ী ল্যাব থেকে ৬.৩০০ কেজি কিটামিনসহ বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ডিএনসির উপ-পরিচালক মেহেদী হাসান জানায়, দেশে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ ঢাকার একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক পারসেল আটক করা হয়।
তল্লাশিতে ব্লুটুথ সাউন্ড স্পিকারের ভেতরে লুকানো ৫০ গ্রাম কিটামিন উদ্ধার করা হয়।

পার্সেলটির তথ্য বিশ্লেষণ করে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের ১/এ রোডের ২৯ নম্বর বাড়ির ‘লায়লা গার্ডেন’-এর সপ্তম তলায় একটি বাসায় অভিযান চালানো হয়।  

অভিযানে একটি কক্ষে গড়ে তোলা অস্থায়ী ল্যাব থেকে ৬.৩০০ কেজি কিটামিন, সালফিউরিক এসিড, ইথানলসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ, ল্যাব সরঞ্জাম, ডিজিটাল স্কেল, প্যাকেজিং যন্ত্রপাতি, মোবাইল ফোন এবং তাদের কাছ থেকে ক্রিপ্টো ওয়ালেট জব্দ করা হয়েছে।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চক্রটি সুসংগঠিতভাবে মাদক প্রক্রিয়াজাত ও আন্তর্জাতিক পর্যায়ে পাচারের সঙ্গে জড়িত।

ডিএনসি’র উপপরিচালক মো. মেহেদী হাসান ও সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটক বিদেশিদের  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সাথে স্থানীয় কোনো চক্রের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর