রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক রোগীর স্বজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডের অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মনি খাতুন নামে এক রোগীর স্বজনরা অপারেশন থিয়েটারের সামনে ভিড় করছিলেন। দায়িত্বে থাকা দুই নারী চিকিৎসক তাদের সরে যেতে বললেও তারা তা মানেননি। একপর্যায়ে চিকিৎসকরা জোর করে সরাতে গেলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এ সময় রোগীর ভাবি ফাহিয়া আক্তার হিয়া (২৬) চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডা ও শারীরিক ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। পরে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে হাসপাতাল পুলিশ ক্যাম্পে নিয়ে যান এবং সেখান থেকে শাহবাগ থানা-য় হস্তান্তর করা হয়।
এদিকে আটক নারীর স্বামী শামীম হোসাইন দাবি করেন, তার স্ত্রীকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি জানান, সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি থাকা তার বোনকে রেখে তিনি বাইরে গেলে ফিরে এসে বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পান। তার ভাষ্য অনুযায়ী, চিকিৎসকদের সঙ্গে তর্কের জেরে ভিডিও ধারণে বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং তার স্ত্রীকে মারধরের চেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর তিনি নিজে ও পরিবারের সদস্যরা চিকিৎসকদের কাছে ক্ষমা প্রার্থনা করলেও তা গ্রহণ করা হয়নি। বর্তমানে তিনি একদিকে হাসপাতালে রোগীর দেখাশোনা, অন্যদিকে থানার বিষয় সামলানো দুই দিকেই চাপে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এএন