রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফ্লাইওভারের জোড়ার মাঝখানের ফাঁকা স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। দেহটি পুরোপুরি পুড়ে যাওয়ায় এটি পুরুষ না নারী তা শনাক্ত করা যাচ্ছে না। একই সঙ্গে বয়স নির্ধারণ করাও সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লার কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তারা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে পুড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ।
এএন