রাজধানীর মগবাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বিআরটিসি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে।
বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বেশ কয়েকটি যানবাহনকে দুমড়ে-মুচড়ে দেয়।
এ ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাবির ‘ক্ষণিকা’ নামের বাসটি দ্রুতগতিতে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সামনে থাকা একাধিক যানবাহনকে সজোরে ধাক্কা দেয় এবং শেষ পর্যন্ত ফ্লাইওভারের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়।
বাসে থাকা এক শিক্ষার্থী জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে এবং অল্পের জন্য অনেক বড় প্রাণহানি থেকে শিক্ষার্থীরা রক্ষা পেয়েছেন।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে বাসের যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ। আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংসদ নিয়মিত খোঁজখবর রাখছে।
জেএইচআর