রাজধানীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে তরুণীদের সঙ্গে প্রতারণা, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই মাসে অন্তত ১৩ জন তরুণী তার শিকার হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এসব তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাব্বি ফেসবুকে ভুয়া আইডি খুলে নারী পরিচয়ে কথা বলে প্রথমে ভুক্তভোগীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। এরপর কৌশলে একজনের মোবাইল নিজের নিয়ন্ত্রণে নিয়ে তার পরিচিত তালিকার অন্যান্য তরুণীদের টার্গেট করতেন।
পরবর্তীতে উপহার দেওয়া বা পারিবারিক অনুষ্ঠানের কথা বলে যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শারীরিক নির্যাতন করতেন। এসব ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় সম্পর্ক স্থাপনে বাধ্য করা এবং অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, সম্প্রতি এক ভুক্তভোগীকে ‘ফ্যামিলি মিটআপ’-এর কথা বলে ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে তাকে নিয়মিত চাপ দেওয়া হচ্ছিল। একইভাবে আরেক তরুণীকে ডেলিভারির প্রলোভন দেখিয়ে ডেকে এনে আটকে রেখে নির্যাতন ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত সোমবার (১৩ এপ্রিল) দনিয়া কলেজ এলাকার সামনে অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা বিভিন্ন ভুক্তভোগীর বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১০টি অভিযোগ পাওয়া গেছে, যেগুলোর কৌশল প্রায় একই ধরনের।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এমন প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এএন