শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১১:৫৯ এএম

পাইপলাইন জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে জানানো হয়েছে, আগামী ২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৭টা থেকে ২৫ এপ্রিল (শনিবার) সকাল ৭টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা একটি বড় অঞ্চলে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এই সময়ে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের সব এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর এবং মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না।

এছাড়া আশেপাশের অন্যান্য এলাকায়ও গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সাপ্তাহিক ছুটির সময় এই অস্থায়ী অসুবিধার জন্য গ্রাহকদের আগাম প্রস্তুতি নিতে অনুরোধ করেছে তিতাস কর্তৃপক্ষ এবং সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে।

এম জি