শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবির উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া

ফয়েজুল্লাহ্ ফয়সাল  প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:১০ পিএম

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে থানা এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির প্যানেলের সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ একটি এআই-সৃষ্ট ছবি পোস্ট করা হয়েছে এমন অভিযোগ ওঠে। বিষয়টি ঘিরেই দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ দেখা দেয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। এ ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে শাহবাগ থানায় যান সংশ্লিষ্টরা।

তবে অভিযুক্ত আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন, তার নামে ভুয়া পোস্ট ছড়ানো হয়েছে। তিনি বিষয়টি জানাতে থানায় গেলে খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, উত্তেজনার একপর্যায়ে ছাত্রদলের কিছু নেতাকর্মী থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা চালান। এছাড়া ডাকসুর আরেক নেতা এবি জুবায়ের থানার ভেতরে আটকা পড়েন বলেও দাবি করা হয়।

এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ এবং জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ঘটনার পর শাহবাগ থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

জেএইচআর