আগামী কয়েক একদিনের মধ্যেই রাজধানীর ফুটপাত দখল মুক্ত করতে বড় ধরণের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তবে ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
শনিবার ধানমন্ডি লেক ও ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রশাসক ধানমন্ডি লেকের আশপাশে যাতে অনিয়ন্ত্রিতভাবে ব্যবসা গড়ে না ওঠে সে বিষয়ে কড়া নির্দেশনা দেন। ইজারাদারদের সতর্ক করে অতিরিক্ত দোকানপাট সরিয়ে ফেলতে বলেন তিনি।
আবদুস সালাম আরও জানান, সিটি করপোরেশনের ময়লার স্টেশনগুলোকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে তোলার কাজ চলছে। পাশাপাশি পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পরে রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১৫ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
এম জি