পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৪:০৬ পিএম

রাজধানীর বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত একটি মিনিবাসের চালককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে বীর উত্তম জিয়াউর রহমান সড়কের ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ট্রাস্ট পরিবহনের মিনিবাস প্রতিমন্ত্রীর বহরে থাকা গাড়িটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে গাড়িটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনিবাসটির চালক ওমর ফারুককে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বনানী থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ঘটনায় প্রতিমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্য বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এএন