বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে র্যালি, শতাধিক ফলজ বৃক্ষরোপণ এবং রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। ১৯৯৮ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল।
সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে একটি র্যালির শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। র্যালিটি সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়, যেখানে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে আম্রপালি, জলপাই, লিচু, কালোজাম ও আমলকিসহ শতাধিক ফলজ বৃক্ষরোপণ করা হয়।
র্যালিপূর্ব সমাবেশে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিএমইউকে উচ্চতর চিকিৎসাশিক্ষা, সেবা ও গবেষণায় আন্তর্জাতিক মানে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ যাতে সব ধরণের জটিল রোগের উন্নত চিকিৎসা এখানেই পায় এবং কাউকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং হাসপাতালের পরিচালকসহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নার্স ও কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশ নেন। দিবসটি উপলক্ষে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানো হয়।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদ এবং ৫৯টি একাডেমিক বিভাগ রয়েছে। ৫ হাজার ১৬১ জন শিক্ষার্থী এবং ৫টি অধিভুক্ত প্রতিষ্ঠান নিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানে জনবল সংখ্যা ৪ হাজার ৫ শত ৬৮ জন। বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭ শত ৯২টি শয্যা রয়েছে, যার মধ্যে ৮৭৮টি শয্যা বিনা ভাড়ার। প্রেস বিজ্ঞপ্তি।
জেএইচআর