রাজধানীর কামরাঙ্গীরচরে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন তালুকদার (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে কামরাঙ্গীরচরের কুরার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন ভোলা সদর উপজেলার মধ্য চর নোয়ারাবাদ গ্রামের মো. সাহাব উদ্দিন তালুকদারের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে বিডিআর ১ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে সুমন ছিলেন চতুর্থ।
নিহতের সহকর্মী আল আমিন জানান, ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য একটি ভবনের সপ্তম তলার ছাদে ওঠেন সুমন। এ সময় ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদের ওপর অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এম জি