ঢাকার অসহনীয় যানজট ও বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লেগেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ক্যামেরার মাধ্যমে। সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বয়ংক্রিয় মামলা ও ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু হওয়ায় রাজধানীর সড়কগুলোতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপিত অত্যাধুনিক এআই ক্যামেরাগুলো এখন ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের যম হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক সিগন্যাল অমান্য করা, মোটরসাইকেলে হেলমেট না পরা কিংবা সিট বেল্ট ব্যবহার না করার মতো অপরাধগুলো এই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করছে। আইন ভঙ্গ হওয়ামাত্রই প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট যানের বিরুদ্ধে মামলা ও জরিমানার কার্যক্রম শুরু হচ্ছে।
প্রযুক্তিগত এই কড়াকড়ির ফলে চালকদের অভ্যাসে পরিবর্তন আসতে শুরু করেছে। রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন মোড়ে দেখা গেছে, লাল বাতি জ্বলে উঠলে চালকরা নিজ থেকেই লাইনের পেছনে অপেক্ষা করছেন। মোটরসাইকেল চালকদের মধ্যেও জেব্রা ক্রসিং ও স্টপ লাইনের আগে থামার প্রবণতা বেড়েছে।
সাধারণ পথচারী ও চালকরা বলছেন, আগে মানুষের নজরদারি এড়িয়ে অনেকে আইন ভাঙতেন, কিন্তু এখন 'সবসময় নজরদারি' হওয়ার ভয়ে সবাই সচেতন থাকছেন। বিশেষ করে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবার চালকদের মধ্যে নিয়ম মানার প্রবণতা আগের চেয়ে অনেক বেশি।
ট্রাফিক কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা আইন প্রয়োগকে অনেক বেশি সহজ ও স্বচ্ছ করেছে। মানুষ এখন বুঝতে পারছে যে আইন ভাঙলে পার পাওয়ার সুযোগ নেই। এই ধারাবাহিকতা বজায় থাকলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং যাতায়াত আরও সুশৃঙ্খল হবে।
জেএইচআর