দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোরও আশঙ্কা রয়েছে।
অন্যদিকে দেশের বাকি এলাকাগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে ২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এম জি