দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকাল ৩টা ১০মিনিটে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। এতে লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া যায়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। তাদের তথ্য অনুযায়ী, ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আসামের বিলাসিপাড়া এলাকায় এর উৎপত্তি হয়।
অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) একই ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে আসামের বিলাসিপাড়ার কথা উল্লেখ করেছে এবং জানায়, এর প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)ও ভূমিকম্পটির বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের হিসাবে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।
ভূমিকম্পের পর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কম্পন অনুভবের বিষয়টি জানিয়ে পোস্ট দেন।
এম জি