ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে আজ শনিবার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ উদযাপিত হয়েছে। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণা করেন, যার প্রথম কার্যক্রম আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে কার্যকর করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএসসিসির ১০টি অঞ্চলেই একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। প্রতিটি অঞ্চলে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ সরাসরি মাঠ পর্যায়ে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন।
সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত প্লট মালিকরা নিজ নিজ উদ্যোগে এই অভিযানে শামিল হন। নগরীর প্রতিটি অলিগলি ও আঙিনা পরিষ্কারের মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
সকালে ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ এলাকায় আধুনিক অন্তর্বর্তীকালীন বর্জ্য হস্তান্তর কেন্দ্র (এসটিএস) ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এ সময় তিনি বলেন, সবাই মিলে একযোগে কাজ করলে আগামী ছয় মাসেই ঢাকা শহরের চেহারা বদলে দেওয়া সম্ভব। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো শহরকে স্থায়ীভাবে পরিচ্ছন্ন রাখা যায় না।
তিনি আরও জানান, আজ যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তি নিজ নিজ আঙিনা পরিষ্কারে এগিয়ে এসেছেন, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা একটি আধুনিক ও সবুজ নগরীতে পরিণত হবে।
প্রশাসক ঘোষণা করেন, এখন থেকে প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর প্রতিটি বাড়ি, বাজার, আবাসিক এলাকা, মসজিদ ও মার্কেটসহ সব জায়গায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে।
এ ছাড়া সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ প্রতি মাসের প্রথম সপ্তাহে সুবিধাজনক যেকোনো একদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তিনি রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, বিএনসিসি এবং বিডি ক্লিনের সদস্যদের এই মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
এডিস মশার প্রজনন রোধে বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন প্রশাসক। তিনি উল্লেখ করেন, কলাবাগান ও মালিবাগের মতো পর্যায়ক্রমে পুরো শহরের সব বর্জ্য হস্তান্তর কেন্দ্রগুলোকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত করা হবে। ডিএসসিসির এই ‘ক্লিনিং ডে’ কর্মসূচি নাগরিকদের মধ্যে সু-অভ্যাস গড়ে তুলতে এবং ডেঙ্গুমুক্ত ঢাকা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জেএইচআর