ডিএসসিসি

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ঠিকাদারের লাইসেন্স বাতিল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:৩২ পিএম

বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের বিল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় করলে এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের (পিসিএসপি) লাইসেন্স সরাসরি বাতিল করা হবে।

সোমবার নগর ভবনের অডিটোরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে আয়োজিত মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এসব সিদ্ধান্তের কথা জানান।

প্রশাসক স্পষ্ট নির্দেশ দেন যে, প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা বিল আদায় করা যাবে। এই টাকা অবশ্যই ডিএসসিসি নির্ধারিত রশিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। বাড়তি অর্থ আদায়ের কোনো অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশাসক বলেন, দিনের বর্জ্য দিনেই অপসারণ নিশ্চিত করতে হবে। কোনো এলাকায় ময়লা জমে থাকতে পারবে না। এছাড়া, রাস্তা বা খালে ময়লা ফেলা যাবে না। যদি কোনো বাসা থেকে নির্দিষ্ট স্থানে ময়লা না রেখে রাস্তা বা খালে ফেলা হয়, তবে সংশ্লিষ্ট বাসায় মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সামনে কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতির ঘোষণা দেওয়া হয় সভায়। ঈদের তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে। ঠিকাদারদের পর্যাপ্ত ভ্যান ও জনবল নিশ্চিত করার পাশাপাশি সরাসরি মাঠে থেকে কাজ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

নাগরিকদের সঙ্গে কোনোভাবেই অসৌজন্যমূলক আচরণ করা যাবে না। পরিচ্ছন্নতাকর্মীদের নির্ধারিত পোশাকে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনা একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। চুক্তির শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি।

জেএইচআর