রাজধানীর ডেমরা এলাকার মিরপাড়া মোড়ে অবস্থিত ‘প্রিয়তমা’ নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
ডেমরা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলের ২০২ ও ২০৪ নম্বর কক্ষে অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার মো. রকি (২৭) ও মো. শান্ত (২৬), ঢাকার জুরাইন এলাকার জান্নাত (১৯) এবং খিলগাঁও এলাকার মীম আক্তার (২৭)। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, এই হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের এই বিতর্কিত কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রিয়তমা হোটেলে শুধু অসামাজিক কাজই নয়, নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে। এর ফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থায়ী ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
জেএইচআর