ঈদের আগেই রাজধানীতে জাল নোটের ছড়াছড়ি, গ্রেপ্তার ৩

শাহিনুর রহমান, ঢাকা  প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০২:৩৩ পিএম

রাজধানীর উত্তরা পূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আন্তঃজেলা জাল টাকা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মজিবুর রহমান, দুলাল মৃধা ও মো. মামুন। বুধবার পৃথক সময়ে উত্তরা পূর্ব থানার সমবায় বাজার (বিডিআর) মার্কেট এলাকা এবং গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকা চক্রের তৎপরতা নজরদারিতে রাখা হয়েছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে মজিবুর রহমানকে চার লাখ টাকার জাল নোট ও ৪০ হাজার আসল টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মো. মামুনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৩০ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, সোনালি রঙের ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, বিশেষ গাম, কাটার এবং জলছাপ তৈরির ডিভাইস।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকা তৈরি ও বিক্রি করে আসছিলেন। জাল নোট তৈরির কাজে তারা একটি প্রিন্টিং প্রেসের কর্মচারীকেও যুক্ত করেছিলেন।

পুলিশের দাবি, ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাট ও বিভিন্ন বিপণিবিতানে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এম জি