রাজধানীতে যুবককে প্রকাশ্যে গুলি, ঢামেকে ভর্তি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১২:১১ এএম

রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় মো. রাফি হোসেন (২৬) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করার ঘটনা ঘটেছে। ইমন নামের এক যুবক ও তার সহযোগীরা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। গুলিবিদ্ধ রাফিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। আহত রাফি শহীদনগর ২ নম্বর গলির মো. তাইজুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন অনলাইন টি-শার্ট ব্যবসায়ী।

আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী মো. সজিব জানান, ওই গলিতে এলাকার কয়েকজন যুবক সজিবকে একা পেয়ে শাহিন নামের এক ব্যক্তির খোঁজ করে। শাহিনকে চেনেন না জানানোয় তারা সজিবকে মারধর শুরু করে। সজিব সেখান থেকে পালিয়ে গিয়ে রাফিকে ডেকে নিয়ে আসেন। তারা দুজন ওই যুবকদের কাছে যাওয়ামাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে গুলি চালায়। ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিল বলে জানা গেছে।

গুলিবিদ্ধ রাফির ডান পাঁজরে একটি গুলি লেগেছে। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহত যুবককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট লালবাগ থানাকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জেএইচআর