রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০১:২১ পিএম

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সাভার, আশুলিয়া, নবীনগর ও হেমায়েতপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, সোমবার (১৮ মে) বিকেল ৫টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।

শনিবার দুপুরে তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দুই পাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকা।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবেন। পাশাপাশি আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

এম জি