শাহজালাল বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা চালু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৪:১৪ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যের উচ্চগতির ওয়াই-ফাই সেবা।

রোববার দুপুর ২টায় এই সেবার উদ্বোধন করেন আফরোজা খানম। এর ফলে এখন থেকে বিমানবন্দরে আগত যাত্রীরা কোনো খরচ ছাড়াই দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, সবার জন্য নির্ভরযোগ্য ও দ্রুত ইন্টারনেট নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই উদ্যোগ বাস্তবায়ন করেছে। তিনি আরও বলেন, বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর বিষয়েও সরকার আশাবাদী, যা দেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় নতুন অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, নতুন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে একই সময়ে প্রায় ৩৭ হাজারের বেশি যাত্রী ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। এছাড়া অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্কের কাভারেজ থাকবে। এর আওতায় টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালসহ কার পার্কিং এলাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বিমানবন্দরের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীরা সহজেই ইন্টারনেট সুবিধা পাবেন।

সম্পূর্ণ নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে স্থাপন করা হয়েছে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ। প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সংযোগ দিতে সক্ষম। পুরো সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথে পরিচালিত হচ্ছে।

এম জি