ডিএমপিতে কোনো ধরনের মব কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ এবং তাদের রাজনৈতিক পরিচয় কোনোভাবেই বিবেচনায় নেওয়া হবে না।
বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার জানান, রাজধানীর কোথাও মব সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত তালিকাভুক্ত ২০৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
কিশোর গ্যাং দমনে অভিযান চলমান রয়েছে উল্লেখ করে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, তালিকা অনুযায়ী গ্যাং লিডারদের আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়ানো শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধেও নজরদারি ও অভিযান চলছে।
থানাকে জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের কথা তুলে ধরে তিনি বলেন, থানায় কোনো দালালের জায়গা হবে না। কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি থানা ও ফাঁড়ির মানোন্নয়ন এবং যানবাহন সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, আগের সরকারের সময় এ খাতে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। শুধুমাত্র পুলিশের পক্ষে এ সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর নিরাপত্তা জোরদারের কথা জানিয়ে তিনি বলেন, ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও এআই ব্যবহারের সুফল পাওয়া যাচ্ছে। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজধানীতে উগ্রবাদ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য বর্তমানে পুলিশের কাছে নেই। নিরাপদ নগরী গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন ডিএমপি কমিশনার।
এম জি