মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্র, আফ্রিকান সহযোগিতা ও প্রবাসী বিষয়ক মন্ত্রী নাসের বুরিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রতিমন্ত্রী ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি রাবাতে তার নামে একটি সড়কের নামকরণ করায় মরক্কো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, তৈরি পোশাক, ওষুধশিল্প, মৃৎশিল্প, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, নারী ক্ষমতায়ন, জাহাজ নির্মাণ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বহুপাক্ষিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।
এছাড়া বিদ্যমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা এবং নতুন সম্ভাবনাময় খাত চিহ্নিত করতে দ্রুত ঢাকায় যৌথ পরামর্শ সভার পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়ে সম্মত হয় উভয় পক্ষ।
এম জি