রাজধানীর রামপুরা এলাকার বনশ্রীতে একটি মাদরাসার বাথরুম থেকে আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদরাসার বাথরুমে গলায় গামছা পেঁচানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।
এদিকে, নিহত শিশুটির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। জানা গেছে, আব্দুল্লাহর বাবা প্রবাসে থাকেন। মাদরাসা কর্তৃপক্ষ তার বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছে।
নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে। সে বনশ্রীর ওই মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করত এবং সেখানেই আবাসিকভাবে থাকত।
এম জি