বিআরটিএ

একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালেই চালকের লাইসেন্স বাতিল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৫:৩৩ পিএম

একটানা দীর্ঘ সময় গণপরিবহন চালানোর কারণে চালকদের ক্লান্তি ও ঝিমুনির ফলে দেশে সড়ক দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। এতে প্রায়ই চালক, সহকারী, যাত্রী ও পথচারীদের হতাহতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে নির্ধারিত কর্মঘণ্টা মেনে গণপরিবহন চালানোর জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

 শনিবার বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা ৫ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। ৫ ঘণ্টা চালানোর পর চালককে অন্তত আধা ঘণ্টা বিশ্রাম দিতে হবে। এরপর তিনি আরও সর্বোচ্চ ৩ ঘণ্টা গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ, একজন চালক দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা এবং সপ্তাহে সর্বমোট ৪৮ ঘণ্টার বেশি কোনোভাবেই দায়িত্ব পালন করতে পারবেন না।

বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত কর্মঘণ্টার ব্যত্যয় ঘটিয়ে দীর্ঘ সময় গণপরিবহন চালালে চালকের মনোযোগ বিঘ্নিত হয়, যা বড় ধরনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং যাত্রীসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের আইনি নির্ধারিত সময় মেনে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই নির্দেশনা অমান্য করে অতিরিক্ত সময় গাড়ি চালালে বা চালককে বাধ্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন (নিবন্ধন) বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ।

এ ছাড়া, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো জরুরি প্রয়োজনে চালক ও মালিকদের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

জেএইচআর