রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ভোররাতে একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ওয়ার্ডে থাকা ১১ জন মায়ের মধ্যে ছয়জনের নবজাতক সন্তান মারা যায়। মৃত শিশুদের বয়স ছিল একদিন থেকে তিন দিনের মধ্যে। বাকি পাঁচ নবজাতক এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।
পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্টরা দেখতে পান, ওয়ার্ডটির পরিবেশ ছিল অত্যন্ত বদ্ধ ও শ্বাসরুদ্ধকর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ত্রুটি বা অন্য কোনো কারিগরি সমস্যার কারণে সেখানে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া এসি বন্ধ হলে কক্ষে স্বাভাবিক বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেও জানা গেছে।
ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল উইংয়ের একজন উপপরিচালক এবং অধিদফতরের আরও একজন কর্মকর্তা রয়েছেন।
কমিটিকে চিকিৎসা ব্যবস্থাপনা, ওয়ার্ডের পরিবেশ, অবকাঠামোগত ত্রুটি, কারিগরি সমস্যা এবং দায়িত্বে অবহেলার বিষয়গুলো খতিয়ে দেখে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, তদন্তে কারও গাফিলতি বা অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এম জি