ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০১:৩৬ পিএম

ঈদুল আজহার টানা ছুটি শেষ হওয়ায় রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের চতুর্থ দিন রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথ, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ফিরতি যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। টানা সাত দিনের সরকারি ছুটি শেষে সোমবার থেকে অফিস-আদালত খুলছে। এছাড়া কিছু বেসরকারি প্রতিষ্ঠান রোববার থেকেই কার্যক্রম শুরু করায় অনেকেই আগেভাগে ঢাকায় ফিরছেন।

রোববার সকালের দিকে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেলেও তা ছিল স্বাভাবিক পর্যায়ের। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে আসা বাসগুলোতে অতিরিক্ত চাপ ছিল না। কাউন্টারগুলোতেও দীর্ঘ লাইনের চিত্র দেখা যায়নি।

নদীপথে রাজধানীতে ফেরা যাত্রীরা জানিয়েছেন, লঞ্চযাত্রা ছিল স্বস্তিদায়ক। অধিকাংশ লঞ্চ নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছেছে এবং অতিরিক্ত যাত্রীচাপের কারণে উল্লেখযোগ্য কোনো ভোগান্তি হয়নি।

পরিবহন খাতের সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ছুটির কারণে সবাই একসঙ্গে না ফিরে কয়েক দিন ধরে ধাপে ধাপে রাজধানীতে ফিরছেন। ফলে ফিরতি যাত্রার চাপও বিভিন্ন দিনে ভাগ হয়ে গেছে এবং পরিবহন ব্যবস্থাপনা সহজ হয়েছে।

এদিকে, ঈদের সময় নানা কারণে যারা বাড়ি যেতে পারেননি, তাদের অনেকেই এখন পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হচ্ছেন। ফলে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে ঢাকায় ফেরা এবং ঢাকা ছাড়ার-দুই ধরনের যাত্রীর উপস্থিতি দেখা যাচ্ছে।

কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন পরিবহনকেন্দ্রে যাত্রী চলাচল কিছুটা বেড়েছে। তবে কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। পরিবহন কর্তৃপক্ষের মতে, দুই দিকের যাত্রীচাপ ভারসাম্যপূর্ণ থাকায় সেবাদান কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

যাত্রীরা বলছেন, সড়কে যানজট কম থাকা, পরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা এবং স্বাভাবিক চলাচলের কারণে এবারের ঢাকা ফেরা তুলনামূলকভাবে আরামদায়ক ও নির্বিঘ্ন হয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন। সোমবার থেকে নিয়মিত কর্মদিবস শুরু হবে।

এম জি