ডিএনসিসি প্রশাসক

শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১১:৪৪ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর উদ্যোগের ইতিবাচক ফল পাওয়ার পর শব্দদূষণ নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক সচেতনতামূলক সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সমাবেশে শফিকুল ইসলাম খান বলেন, পরিবেশ রক্ষায় সবার মানসিকতা ও সচেতনতা গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ থাকলে পরিবেশ সুরক্ষায় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটি একদিনে সম্ভব না হলেও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় ধীরে ধীরে কার্যকর ফল অর্জন করা যাবে।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এ সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি দাবি করেন, রাজধানীর সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে শব্দদূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণেও একই ধরনের প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।


এম জি