প্রশাসক

ডিএসসিসির ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০২:৪৫ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন প্রায় ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুবাহী মশার লার্ভা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার সকালে রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আব্দুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে নাগরিকদেরও সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির উঠান, ছাদ, ফুলের টব ও অন্যান্য স্থানে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, “৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। তাই পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার না করলে ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্তি পাওয়া কঠিন হবে।”

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, বাড়ির ভেতর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে মশার বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে নজরদারি করছেন। পাশাপাশি খেলার মাঠসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিকেও তিনি গুরুত্ব দিচ্ছেন।

অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, নগরীর পরিবেশ উন্নত করতে হলে সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। এছাড়া জনগণের সমর্থনে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নগরের শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন আনারও প্রতিশ্রুতি দেন তিনি।

এম জি