বাহুবলে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০৫:২৮ পিএম

হবিগঞ্জের বাহুবলে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইভা আক্তার (১৯) নামে এক যুবতী।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের মজনু মিয়া এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে দীর্ঘদিন আগে মারা যান। মজনু মিয়া মারা যাওয়ার পর ছেলে মেয়েকে নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছিলেন স্ত্রী। একপর্যায়ে তিনি ছেলে বিল্লাল হোসেন (২২) ও মেয়ে ইভা আক্তার (১৯) কে বাড়িতে রেখে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসে চলে যান।

এরই মধ্যে গত দু‍‍`সপ্তাহ আগে ৩নং সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামের সোনাহর মিয়ার ছেলের সাথে ইভার বিয়ের আলাপ আলোচনা সম্পন্ন হয়। শনিবার সকালে ইভার বড় ভাই প্রবাসী ও সিএনজি চালক বিল্লাল হোসেন প্রতিদিনের মতো সিএনজি নিয়ে বাহুবলে চলে আসেন। দুপুর ২টার দিকে বিল্লাল হোসেন লোক মাধ্যমে জানতে পারেন তার বোন ইভা আক্তার ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিল্লাল পরে ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়ালকে সাথে নিয়ে বিষয়টি থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস, এস আই সমীরণ চন্দ্র দাস ও এস আই জসিম উদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইভার লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস জানান, আমরা ঘটনাস্থলে আছি, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

কেএস