ফেনী পৌর কাউন্সিলর কালাম বরখাস্ত

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৬:৩৪ পিএম

শহরের সুলতানপুর এলাকায় গরু ব্যবসায়ী শাহজালালকে গুলি করে হত্যা মামলায় কারাগারে থাকা আবুল কালামকে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়। এর আগে তাকে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকেও বহিস্কার করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদ উপলক্ষ্যে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েকজন মৌসুমী গরু ব্যবসায়ী একটি ট্রাকে গরু নিয়ে সুলতানপুরে আসেন। ওই রাতে ট্রাকসহ গরু লুট করতে যান স্থানীয় পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ও তার সহযোগিরা।

এসময় ওই গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর দীর্ঘ ১ বছর ৮ মাস পলাতক থেকে চলতি বছরের গত ১৪ মার্চ আদালতে আত্মসমর্পণের পর কালাম কারাগারে রয়েছে। 

এর আগে হত্যার পর নিহতের চাচাতো ভাই আল আমিন বাদি হয়ে আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগি নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে পুলিশ তাৎক্ষনিক গ্রেপ্তার করলেও কালাম ওইসময় পালিয়ে যায়। গ্রেপ্তারের পর নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এইচআর