ময়মনসিংহের ত্রিশালে একটি গর্ত থেকে মাটি চাপা অবস্থায় পরিচয়হীন এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া নামক স্থানের হাইঞ্জা মোড়লের বাড়ির মসজিদের সামনের একটি পতিত জমির আইল ঘেঁষা গর্ত থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পিবিআই, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দুপুর ১টার দিকে কুকুর অজ্ঞাত শিশুর পায়ের অংশবিশেষ নিয়ে ছুটাছুটি করছিল। এটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লোকজন এসে দেখে একটি গর্তে আরও দুটি মরদেহ রয়েছে। যা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুপুর ৩টার দিকে ত্রিশাল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকাল ৩টার দিকে ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচরে তিনটি লাশ পাওয়া গেছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারী ও দুই শিশুর গলিত লাশ উদ্ধার করে।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপেল মাহমুদ বলেন, মরদেহগুলো পঁচে দুর্গন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেরও বেশি সময় আগে তাদেরকে কেউ হত্যা করে পুঁতে রেখেছে। আপাতত মনে হচ্ছে এদের অন্য কোন এলাকা থেকে এনে এখানে পুঁতে রাখা হয়েছে।
ময়মনসিংহ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, কাকচর নয়াপাড়ার একটি দুর্গম এলাকায় লোকালয় থেকে বেশ কিছুটা দূরে তিনটি মরদেহ উদ্ধার হয়। একজন মহিলা এবং দুটি ছেলের। মহিলার বয়স আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ ও ছেলে দুটির বয়স তিন থেকে চার বছর হবে। আমাদের ধারণা আনুমানিক পাঁচদিন আগে তাদের এখানে পুঁতে রাখা হয়েছে। এখনো পর্যন্ত লাশগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা পিবিআই, র্যাব সবাই টেকনোলজি কাজে লাগিয়ে দ্রুত এই মরদেহ তিনটির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
আরএস/ইএইচ