সিলেট কারাগারে মিলল কয়েদির ঝুলন্ত লাশ

সিলেট ব্যুরো প্রকাশিত: জুন ৪, ২০২৪, ০১:৪৪ এএম

সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মো. ইউনুস আলী (২২) নামে এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার একটি সেলে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পর লাশ উদ্ধার করে কারা কর্তৃপক্ষ। এ ঘটনার পর দায়িত্ব অবহেলার অভিযোগে দুই কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিহত ইউনুস আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে। মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।

সিলেটের কারা পুলিশের উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়াও বিষয়টি নিশ্চিত করেন। বলেন, নিহতের মরদেহ একটি সেলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধানা সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের স্ত্রী হারিসা বেগম বলেন, সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ১টার দিকে তার স্বামী মৃত্যুর খবর পেয়ে চাচাসহ কারাগারে গেছেন।

ইএইচ