কর্ণফুলী পেপার মিলসে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক: প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০১:৩৯ পিএম

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস এর উৎপাদন শাখার ২নং মেশিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুলাই) রাত ১টায় মিলস চালু অবস্থায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কেপিএম মিলস এর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং কাপ্তাই ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কেপিএম কারখানা সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে পাশাপাশি কিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়।তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানানো হয়। এদিকে শনিবার সকাল ৮টায় মিলের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অগ্নিকাণ্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে পৌঁছায় এবং ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দু’টি মেশিনের ঘর্ষণে এই আগুনের সূত্রপাত হয়েছে।

বিআরইউ