চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পর্যটকের মোটরসাইকেল গতিরোধ করে ক্যামেরা, মোবাইল, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। শনিবার রাত তিনটার দিকে মহাসড়কের বানিয়ার ছড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে দশটার দিকে চকরিয়া বাসটার্মিনাল এলাকা থেকে ছিনতাইকারী চক্রের দুই সদস্য চকরিয়া পৌরসভার খামার পাড়া এলাকার বাবু মিয়ার ছেলে মো. সুজন ও ডুলাহাজারা কাটা খালী এলাকার আক্তার আলমের ছেলে আতিক হাসানকে আটক পূর্বক মোটরসাইকেল উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী কক্সবাজারের তারাবনিয়ার ছড়া এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল ইমরান জনি বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের নামে থানায় এজাহার দায়ের করে।
আবদুল্লাহ আল ইমরান জনি জানান, তিনি ও তার বন্ধু আমিন রিমন রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবান ট্যুর শেষে কক্সবাজার ফেরার পথে লোহাগড়া উপজেলা চুনতি এলাকার ফোর সিজন রেস্টুরেন্টে যাত্রা বিরতি করে। পরে রাত আনুমানিক তিনটার দিকে মহাসড়কের চকরিয়া বানিয়ার ছড়া এলাকায় পৌঁছালে, দু`টো মোটরসাইকেলে করে চারজন লোক তাদের পেছন থেকে আঘাত করে গতিরোধ পূর্বক মাটিতে ফেলে দেয়।
পরে ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা জিও প্রো ক্যামেরা, সামস্যাং এস টুয়েন্টিত্রি মডেলের দামি মোবাইল ও সুজুকি জিক্সার এসএফআই মডেলের সাড়ে তিন লাখ টাকা দামের মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
চকরিয়া থানার আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী পিপিএম জানান, সোমবার রাত সাড়ে দশটার দিকে চকরিয়া বাসটার্মিনাল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে গাড়ির পার্টস খুলে পরিবর্তন করার সংবাদ পেয়ে থানার ওসির নেতৃত্বে এসআই মহসিন চৌধুরীসহ একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইকারী চক্রের দুই সদস্য সুজন ও আতিক কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিআরইউ