সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামনায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০২:৫৩ পিএম

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বরগুনার বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টায় বামনা প্রেসক্লাব সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। 

দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা প্রভাষক মো. জাকির হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— মফস্বল সাংবাদিক ফোরামের বামনা উপজেলা শাখার সভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আবু নাসের গোলাম কিবরিয়া, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. হাবিবুর রহমান।

এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মো. ইসমাইল হোসেন জিহাদী, দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি মো. নিজাম উদ্দিন মোল্লা, দৈনিক শেষ কথার উপজেলা প্রতিনিধি হাফেজ মো. আল আমিন প্রমুখ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন— সাংবাদিক সিদ্দিকুর রহমান মান্না, মো. কবির শিকদার, দৈনিক জনতার প্রতিনিধি মো. রিয়াজুল ইসলাম, মো. বাসির মোল্লা, মোহা. ওমর ফারুক সাবু, নজরুল ইসলামসহ উপজেলার সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে অস্ত্রধারী দুর্বৃত্তরা। একই ঘটনায় সাংবাদিক মনেয়ারকে ইট দিয়ে আঘাত করে আহত করা হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সকল খুনিকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ইএইচ