পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দেশপ্রেম ও মানবকল্যাণে সকলকে সৎকর্মে উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার খাগড়াছড়ি জেলার মহাজনপাড়ায় বাবু পদ্মরঞ্জন চাকমার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় পূণ্যানুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, মানুষের জন্ম, মৃত্যু ও কর্মফল তার আত্মিক উন্নয়নের প্রতিফলন। পূর্বজন্মে সৎকর্ম থাকলে তা পরবর্তী জীবনেও প্রতিফলিত হয়। সৎ ও পূণ্য কর্মের মাধ্যমেই পরলৌকিক কল্যাণ এবং নির্বাণ লাভ সম্ভব।
এ সময় পরলৌকিক সদগতি ও মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অট্টপরিকর দান, পিণ্ডদান, চীবর দানসহ নানা পূণ্যকর্ম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাবু পদ্মরঞ্জন চাকমার পুত্র, সরকারি কর্মকর্তা নিপুন চাকমা স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন কাটাছড়ি বনবিহারের অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাস্থবির, আনন্দ মিত্র মহাস্থবির, মৈত্রীপুর অরণ্য কুটিরের বিমলানন্দ মহাস্থবির, আর্যপুর বনবিহারের আর্য বোধি মহাস্থবিরসহ অন্যান্য বিশিষ্ট ভিক্ষু ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
ইএইচ