কুড়িগ্রামে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০২:৫৯ পিএম

কুড়িগ্রামে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, কুড়িগ্রামের ৪৬৯টি চরে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। এখানে প্রায় ৯২ হাজার ৬৭২ জন প্রতিবন্ধী, ৭০ দশমিক ৮ শতাংশ দরিদ্র এবং ৫৩ দশমিক ৩ শতাংশ মানুষ হতদরিদ্র। তাদের অনেকেই ঘুম থেকে উঠে সকালের খাবারের নিশ্চয়তা পান না।

তিনি আরও বলেন, সারাদেশে ৪৪টি মন্ত্রণালয় থাকলেও কুড়িগ্রামের বিশেষ বাস্তবতার কারণে আলাদা একটি "চর বিষয়ক মন্ত্রণালয়" গঠন জরুরি। পার্বত্য মন্ত্রণালয়ের মতো এই মন্ত্রণালয় দরিদ্রতা বিমোচন ও চরের মানুষের ভাগ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অধ্যাপক শফিকুল ইসলাম বেবু আরও জানান, এ কমিটির প্রধান লক্ষ্য হলো সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।

অনুষ্ঠানে বক্তব্য দেন- পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি ও স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. শাহাদত হোসেন, সাংবাদিক ইউনুছ আলী, মোখলেছুর রহমান, আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক বাসেত সরকার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু ও শিক্ষক এনামুল হক।

এ সময় কমিটির সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ