ঝুঁকি নিয়ে নদী পারাপার, মনপুরা ও হাতিয়াগামী লঞ্চ চলাচল বন্ধ

এম এম রহমান, ভোলা প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৭:১৩ পিএম

ঢাকা থেকে মনপুরা ও হাতিয়াগামী লঞ্চ সার্ভিস হাকিমুদ্দিন পর্যন্ত এসে বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন শতাধিক যাত্রী জীবন ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। নির্দিষ্ট রুটে লঞ্চ চলাচল না করায় যাত্রীরা এখন বাধ্য হয়ে ছোট নৌকা ও অন্যান্য অনিরাপদ উপায়ে নদী পার হচ্ছেন, যা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, বিকল্প হিসেবে ব্যবহৃত ছোট নৌকা ও অন্যান্য ব্যবস্থা নিরাপদ নয়, এতে দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে।

এদিকে যাত্রীদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেনি। স্থানীয়রা দ্রুত লঞ্চ সার্ভিস পুনরায় চালু এবং নিরাপদ নদী পারাপারের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

তারা সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। একইসঙ্গে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

ইএইচ