বেলকুচিতে সরকারি চালসহ যুবক আটক

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৭:১৬ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথ বাহিনীর অভিযানে আনুমানিক ১০ টন ৬০০ কেজি সরকারি চাউলসহ ইব্রাহিম নামের এক যুবককে আটক করা হয়েছে।

রোববার বিকালে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাসতলা গ্রামের মৃত জহিরের বাড়িতে অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাউল জব্দ করেছে। তবে এখনও বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না। অভিযান অব্যাহত রয়েছে।”

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে আনুমানিক ১০ টন ৬০০ কেজি সরকারি চাউলসহ এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত চাউলের সঙ্গে যুবকের হাতের ফোনও জব্দ করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

ইএইচ