রাজশাহীর দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দুর্গাপুর-শিবপুর সড়কের সিংগা বিল ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুজন (২৬), তিনি জেলার চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার নাজির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুজন শিবপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তার অটোভ্যানকে ধাক্কা দেয়। ফলে তিনি ছিটকে পড়েন এবং ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ